দক্ষিণ পূর্ব

শ্রমিক আন্দোলনে হাজির করা যায়নি আসামি, পেছাল মুগ্ধ হত্যা মামলার সাক্ষ্য

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৭:৪৭ সকাল
পঠিত : ৪০
শ্রমিক আন্দোলনে হাজির করা যায়নি আসামি, পেছাল মুগ্ধ হত্যা মামলার সাক্ষ্য


জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে কারাগার থেকে আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ সময় প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহ ও আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে নিরাপত্তার স্বার্থে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গ্রেপ্তার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এ ছাড়া অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন করেছে। এ কারণে তিনি সময়ের আবেদন জানান।

রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল আগামী ২৫ নভেম্বর পরবর্তী কার্যক্রমের দিন ধার্য করেন। ওই দিন আসামিপক্ষ চাইলে রিভিউ আবেদনের ওপর শুনানি করতে পারবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে আবেদনকারী আসামিদের পক্ষে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

গ্রেপ্তার আট আসামি

গ্রেপ্তার আট আসামি হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগকর্মী মো. ইরফানুল হক গাজী।

পলাতক ১৮ আসামি

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ পলাতক অন্য আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, উত্তরা বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তোহিদুল ইসলাম, সাবেক সহকারী পুলিশ কমিশনার সুমন কর, উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, উত্তরা পূর্ব থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশনস) মাহমুদুল হাসান, সাবেক কনস্টেবল মো. আবু ছায়েম, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন আল সোহেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মো. ফরিদ আহমেদ, ডিএম. শামীম, মো. আনিছুর রহমান নাঈম ও মো. আফছার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানার সাবেক এসআই খালেদ আনোয়ার, সাবেক এএসআই মো. রোকনুজ্জামান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহসভাপতি মুরতাফা বিন ওমর এবং তুরাগ থানা আওয়ামী লীগের যুবলীগ নেতা জাকির হোসেন।

গত ১১ অক্টোবর ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। ওই দিনও একই কারণে আসামিদের হাজির করা সম্ভব না হওয়ায় ১৯ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার অভিযোগ

প্রসিকিউশনের প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয়। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজন নিহত হন।

একই ঘটনায় উবারচালক মোখলেছুর রহমান ওরফে দুর্জয়কে পুলিশের এপিসির চাকায় পিষ্ট করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে তুরাগ নদে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া মেহেদী হাসানসহ পাঁচজনকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই একই এলাকায় আন্দোলনকারীদের ওপর আবারও নির্বিচারে গুলি চালানো হয়। এতে রিদোয়ান শরীফ রিয়াদ জয়সহ চারজন নিহত হন। এ ছাড়া রাইসুল রহমান রাতুলকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করা হয়।

প্রসিকিউশনের দাবি, দুটি অভিযোগে বর্ণিত ঘটনাগুলো পরিকল্পিত, ব্যাপক ও পদ্ধতিগতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।