জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। তবে এই ঐক্য কোনো নির্দিষ্ট দল বা জোটের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ঐক্য প্রয়োজন।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি ও বিরোধী দলের নেতাকর্মী, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বও বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
বর্তমান পরিস্থিতির জন্য সরকারের গত সাত-আট মাসের বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপকে দায়ী করে তিনি বলেন, নির্বাচনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
জাতীয় ঐক্যের ক্ষেত্রে সংস্কারকে অন্যতম প্রধান এজেন্ডা করার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধন কমিটি সংস্কার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছেন তাঁরা।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। একই সঙ্গে দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। তাই সংস্কার অত্যন্ত জরুরি।
বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জেলা পর্যায়ে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত, অভিযোগপত্র দাখিলসহ সামগ্রিক আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তির বিষয়ে ভারতের কাছে বাংলাদেশের অবস্থান কঠোরভাবে তুলে ধরতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং গণহত্যার দায়ে অভিযুক্ত একটি দলকে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার সুযোগ দিচ্ছে। বিষয়টি এখন শুধু আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ভূরাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে।
তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন দেশীয় শক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তাঁরা মনে করেন। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
ভারতে বাংলাদেশবিরোধী প্রচারণার বিষয়ে তিনি বলেন, সীমান্তের ওপারে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এসব কর্মসূচিতে পলাতক আওয়ামী লীগ নেতাদেরও যুক্ত হতে দেখা যাচ্ছে। বাংলাদেশবিরোধী এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে শক্ত জবাব দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের আলেম-ওলামা, মাজার-দরগার অনুসারী, সুফি, সাংস্কৃতিক কর্মী ও হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সামাজিক শক্তির সঙ্গে সরকারের আলোচনা করা প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে হবে।
নাহিদ ইসলাম বলেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য হলে চলবে না। আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো ভবিষ্যতেও মোকাবিলা করতে হবে। এ জন্য দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন। পাশাপাশি আধিপত্যবাদ মোকাবিলায় একটি যৌথ জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে, যাতে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে।
সবশেষে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির জন্য সরকারের দায়িত্ব বেশি। সরকারেরও কিছু ভুলত্রুটি ছিল। তাঁরা রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান ও সুপারিশ জানিয়েছেন। এই লড়াই কোনো দলীয় লড়াই নয়; এটি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার লড়াই।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।