দক্ষিণ পূর্ব

সাফের ফাইনালে ওঠার লড়াই, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ ০১:৫৫ দুপুর
পঠিত : ৫১
সাফের ফাইনালে ওঠার লড়াই, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। চোটের কারণে সাদ উদ্দিন ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় দলে এসেছেন রহমত মিয়া। অন্যদিকে ইব্রাহিমের পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পেয়েছেন জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসা।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সেমিফাইনালের লড়াই। এই ম্যাচে জয় পেলেই দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে আক্রমণভাগে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে মাত্র চার মিনিটের মধ্যে গোল করেছিলেন ইব্রাহিম। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচেও একাদশে ছিলেন তিনি। তবে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাঁকে বাইরে রেখে নাম্বার নাইন পজিশনে সুকি ইতোফুসাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ থমাস ডুলি।

এদিন বাংলাদেশের প্রথম একাদশে জায়গা পেয়েছেন আটজন প্রবাসী ফুটবলার। তবে একাদশে থাকছেন না দলের অভিজ্ঞ ফুটবলার জামাল ভূঁইয়া। ২০১৩ সালে ডেনমার্কপ্রবাসী জামালের হাত ধরেই বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অংশগ্রহণের নতুন অধ্যায় শুরু হয়েছিল।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানোর পর গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দলটি। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন।

২৩ বছরের শিরোপা-খরা কাটানোর লক্ষ্য নিয়েই এবার মাঠে নেমেছে বাংলাদেশ। গ্রুপপর্বের সাফল্যে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানও কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে প্রস্তুত।

এরই মধ্যে প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফলে বাংলাদেশ জয় পেলে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে।

সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর ফাইনালে ওঠা হয়নি। এবার পাকিস্তানকে হারাতে পারলে ২১ বছরের সেই অপেক্ষার অবসান ঘটবে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।