দক্ষিণ পূর্ব

সালমানের সিনেমা আটকে দেওয়ার মামলায় নতুন মোড়, অভিনেতাকে নোটিশ দিল দিল্লি হাইকোর্ট

saiful
saiful
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ ০২:৩৯ দুপুর
পঠিত : ২
সালমানের সিনেমা আটকে দেওয়ার মামলায় নতুন মোড়, অভিনেতাকে নোটিশ দিল দিল্লি হাইকোর্ট
Degchibarictg

বলিউড অভিনেতা সালমান খানের জীবনের আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে নির্মিত সিনেমা ‘কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি’ ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। সিনেমাটির মুক্তি ও প্রচার বন্ধের আবেদন নিয়ে এবার দিল্লি হাইকোর্টে আদালতের এখতিয়ার প্রশ্নে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে সালমান খানের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছেন আদালত।

শুক্রবার (৯ অক্টোবর) বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ প্রযোজক অমিত জানির আবেদনের পরিপ্রেক্ষিতে এ নোটিশ জারি করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ ডিসেম্বর।

প্রযোজক অমিত জানির দাবি, সালমান খানের করা আবেদন শুনে সিদ্ধান্ত দেওয়ার ভৌগোলিক এখতিয়ার দিল্লি হাইকোর্টের নেই। এ কারণে অভিনেতার দায়ের করা মামলাটি খারিজ করা উচিত বলে আদালতে যুক্তি দিয়েছেন তিনি।

প্রযোজকের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, সালমান খান মুম্বাইয়ে বসবাস করেন এবং অমিত জানির ঠিকানা উত্তর প্রদেশের মিরাটে। তাঁদের কেউই দিল্লি হাইকোর্টের বিচারিক এলাকার বাসিন্দা নন কিংবা সেখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন না। সারা দেশের পাশাপাশি দিল্লিতেও সিনেমাটির টিজার, পোস্টার ও প্রচারসামগ্রী প্রকাশিত হওয়া আদালতের এখতিয়ার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয় বলেও দাবি করা হয়েছে।

এর আগে ‘কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি’ সিনেমাটির মুক্তি ও প্রচার বন্ধের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সালমান খান। অভিনেতার অভিযোগ, ১৯৯৮ সালের আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

সালমানের দাবি, ছবিতে তাঁর নাম, ব্যক্তিত্ব, চালচলন, কথা বলার ধরন এবং জনপ্রিয় সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বৈশিষ্ট্য অনুকরণ করা হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন অভিনেতা।

এ ছাড়া সালমানের বক্তব্য, হরিণ শিকার-সংক্রান্ত চারটি মামলার মধ্যে তিনটিতে তিনি খালাস পেয়েছেন এবং বাকি আপিলগুলো রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারাধীন। এমন পরিস্থিতিতে সিনেমায় বিচারপ্রক্রিয়া নাটকীয়ভাবে তুলে ধরলে তা তাঁর নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকারকে প্রভাবিত করতে পারে। সিনেমার টিজারে তাঁকে অপরাধী হিসেবে উপস্থাপনের ইঙ্গিত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

প্রযোজকের আবেদনের পর আদালত এখন প্রথমে মামলাটি শুনানির এখতিয়ার রাখে কি না, সেই প্রশ্ন বিবেচনা করছে। আগামী ১৬ ডিসেম্বরের শুনানিতে এ বিষয়ে পরবর্তী অগ্রগতি স্পষ্ট হতে পারে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।