অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন চারটি গুদাম সিলগালা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান চালিয়ে গুদামগুলো সিলগালা করা হয়। শুক্রবার (২ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে অংশ নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এনবিআর জানিয়েছে, অভিযানে প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় অধিকতর যাচাই ও তদন্তের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ‘টস বন্ড’ একটি ডিপ্লোমেটিক ওয়্যারহাউজ হিসেবে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহ করে। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ ওঠার পর কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছিল।
এনবিআরের সিআইসি ও আয়কর গোয়েন্দা ইউনিটের পক্ষ থেকে কানাডা থেকেও সংশ্লিষ্ট বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে শেখ নুর ইসলাম ও তার পরিবারের সদস্যদের নাগরিকত্ব এবং বিভিন্ন লেনদেনের পাশাপাশি অন্তত চারটি কোম্পানির মালিকানার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনে ঢাকার ওই কূটনৈতিক বন্ডেড ওয়্যারহাউজের পরিচালক হিসেবে শেখ নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলামের নাম রয়েছে বলেও এনবিআর জানিয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত গুদামের সংখ্যা দুটি। তবে অভিযানে সেখানে মোট চারটি গুদামে পণ্য মজুত রাখার তথ্য পাওয়া যায়।
কর্মকর্তারা জানান, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত গুদামে স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়েছে।
এ ঘটনায় বিস্তারিত তদন্ত ও যাচাই কার্যক্রম চলমান রয়েছে বলে এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।