দক্ষিণ পূর্ব

‘ সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব, দায়িত্বও পালন করব’-হাসপাতাল থেকে চুয়েট ভিসি

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ০৫:২৫ সকাল
পঠিত : ১৬
‘ সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব, দায়িত্বও পালন করব’-হাসপাতাল থেকে চুয়েট ভিসি

ছবি

Degchibarictg

সুস্থ হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফিরে আবারও দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তিনি পদত্যাগ করেছেন কিংবা ভবিষ্যতে ক্যাম্পাসে ফিরবেন না—এমন খবরকে মিথ্যা বলে দাবি করেছেন। একই সঙ্গে দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফেরার পরামর্শ দিয়েছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব কথা জানান উপাচার্য।

অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘আমি একটা অমানবিক পরিবেশের মধ্যে ছিলাম। এতে আমার বুকে ও তীব্র মাথাব্যথা হয়। পরে প্রশাসনের সহযোগিতায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসা নিচ্ছি। আমার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ বোর্ড আমার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাবে। সুস্থ হলে আমি আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করব।’

পদত্যাগ ও ক্যাম্পাসে না ফেরার খবরের বিষয়ে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করেছি কিংবা ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে পদার্পণ করব না—এমন কোনো বক্তব্য বা বিবৃতি আমি দিইনি। আমাকে যখন ক্যাম্পাস থেকে নিয়ে আসা হচ্ছিল, তখন আমার কথা বলার মতো পরিস্থিতি ছিল না। যারা এ ধরনের সংবাদ প্রচার করছেন, তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন।’

উপাচার্য জানান, সরকার তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। দ্রুত সুস্থতা কামনা করে তাঁকে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা তোমাদের অমূল্য শিক্ষাজীবন নষ্ট করো না। তোমরা হয়তো কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর পাল্লায় পড়ে ব্যবহৃত হচ্ছ। তোমরা যথেষ্ট বুদ্ধিমান। তোমরা কারও দ্বারা ব্যবহৃত হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত দায়িত্ব পালন করতেই চট্টগ্রামে এসেছি। কোনো ব্যক্তিগত স্বার্থে বা কোনো দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি।’

এর আগে টানা প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ১১ জনকে উদ্ধার করে ক্যাম্পাস থেকে নিয়ে যায় প্রশাসন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাঁদের উদ্ধার করা হয়। পরে কঠোর পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে উপাচার্যকে ক্যাম্পাস থেকে বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বহিরাগতদের নিয়ে চুয়েটের প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে কার্যালয় ছেড়ে যাওয়ার সময় বেঁধে দেন।

নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য কার্যালয় না ছাড়ায় দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ভবনের ফটকে আবারও তালা লাগিয়ে দেন। এতে উপাচার্যসহ সেখানে থাকা অন্যরা নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে টানা প্রায় ৩০ ঘণ্টা পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে তাঁদের উদ্ধার করা হয়।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।