দক্ষিণ পূর্ব

হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১২:৪৪ দুপুর
পঠিত : ৬৩
হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক

ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে হামজা চৌধুরীকে নিয়ে খুব একটা চিন্তিত নন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। বরং বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলতেই বেশি আগ্রহ তাঁর। তবে পরিসংখ্যান বলছে, বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা সাজাতে গেলে হামজা চৌধুরীকে উপেক্ষা করার সুযোগ নেই পাকিস্তানের।

আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে আজ অনুশীলন করেছে পাকিস্তান দল। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন গোলরক্ষক ইউসুফ বাট।

হামজাকে নিয়ে প্রশ্ন করা হলে বাট বলেন, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।’

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছেন হামজা। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে দেশের মাটিতে পাঁচ ম্যাচে করেছেন চার গোল, করিয়েছেন আরও একটি।

সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে গোল করার পাশাপাশি নেতৃত্বেও নজর কেড়েছেন হামজা। প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই মিডফিল্ডার।

হামজাকে ভালো খেলোয়াড় হিসেবে স্বীকার করলেও নিজেদের দল নিয়েও আত্মবিশ্বাসী পাকিস্তানি গোলরক্ষক। বাট বলেন, ‘তাদের দিক থেকে বলতে গেলে, হ্যাঁ, তারা ভালো খেলোয়াড়। আমাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদ আছে। তাই আমি মনে করি, তাদের যেমন দুর্দান্ত খেলোয়াড় রয়েছে, আমাদের দলেও তেমন খেলোয়াড় আছে।’

এদিকে ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখছেন ইউসুফ বাট। গ্রুপ পর্বে ভারতের কাছে বড় ব্যবধানে হারের ক্ষতও ভুলতে চান তিনি। প্রথম সেমিফাইনালে ভারত খেলবে ভুটানের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার প্রত্যাশা পাকিস্তানের।

বাট বলেন, ‘আমি সত্যিই ভারতের বিরুদ্ধে আবারও খেলতে চাই। কারণ, আমাদের জন্য ম্যাচটি খুবই খারাপ ছিল। গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটি হয়তো আমাদের সবচেয়ে খারাপ খেলা। আশা করি, ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হব। তবে এক ম্যাচ করে এগোতে হবে। এখন আমাদের সামনে বাংলাদেশ।’

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।