ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বড় হামলা রুখে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে তারা বলেছে, তাদের সেনারা সব ফ্রন্টে হুথিদের বড় হামলা রুখে দিয়েছে। হামলার জন্য জড়ো করা সব সরঞ্জামও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।
তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে বৃহস্পতিবার সকালে ইয়েমেনি সরকারি বাহিনী জানিয়েছিল, দক্ষিণপূর্ব তাইজের হাইফান জেলা ও আল-আকবুস এলাকায় ছয়টি বিমান হামলা চালানো হয়েছে। এতে হুথি যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় তারা।
গত এক মাস ধরে হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। এর মধ্যে হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করে নেয়। এতে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার লোহিত সাগরে সরাসরি সংযোগ হারায়।
মোখা দখলের পর হুথিরা অন্যান্য অঞ্চলও নিয়ন্ত্রণে নিতে অভিযান অব্যাহত রাখে। তবে গত কয়েকদিনে তাদের অগ্রগতি হয়নি। ধারণা করা হচ্ছে, ইয়েমেনি বাহিনীর শক্তিশালী প্রতিরোধের মুখে পড়েছে তারা।
এদিকে সৌদি আরবও হুথিদের লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। এতে তাদের অগ্রযাত্রা আরও থমকে গেছে।
গতকাল সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদির নিরাপত্তার ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবেন না। এ সময় হুথিদের সমালোচনা করে তিনি বলেন, হুথিরা ইয়েমেন ও ওই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।