দক্ষিণ পূর্ব

১০ মাসের মধ্যে রেয়ার আর্থ উৎপাদনে চীনের সমপর্যায়ে পৌঁছাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ০১:২০ দুপুর
পঠিত : ৪৪
১০ মাসের মধ্যে রেয়ার আর্থ উৎপাদনে চীনের সমপর্যায়ে পৌঁছাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি

আগামী ১০ মাসের মধ্যে বিরল মৃত্তিকা খনিজ (রেয়ার আর্থ) উৎপাদনে চীনের সমপর্যায়ে পৌঁছাবে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রে আগে কখনো এত বেশি পরিমাণে বিরল মৃত্তিকা উৎপাদিত হয়নি। প্রয়োজনীয় সবকিছুই আগামী ১০ মাসের মধ্যে নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনে কোয়াডভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের কাছে এ দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা ১০ মাসের মধ্যে চীনের সমপর্যায়ে পৌঁছে যাব। আমাদের যা কিছু প্রয়োজন, সবই ১০ মাসের মধ্যে থাকবে।’

তবে আন্তর্জাতিক ও সরকারি পরিসংখ্যান বলছে, বিরল মৃত্তিকা খনিজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ—উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক এগিয়ে রয়েছে চীন।

ট্রাম্পের দাবির বিষয়ে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

চীন সাম্প্রতিক বছরগুলোতে বিরল মৃত্তিকা খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করায় নিজস্ব উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীন ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন বিরল মৃত্তিকা উৎপাদন করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের উৎপাদন ছিল মাত্র ৫০ হাজার মেট্রিক টন। অর্থাৎ উৎপাদনে যুক্তরাষ্ট্রের তুলনায় পাঁচ গুণের বেশি এগিয়ে চীন।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে মোট উত্তোলিত বিরল মৃত্তিকা খনিজের ৬১ শতাংশ এসেছে চীন থেকে। শুধু উত্তোলন নয়, প্রক্রিয়াজাতকরণেও দেশটির আধিপত্য আরও বেশি। বিশ্বের মোট বিরল মৃত্তিকা প্রক্রিয়াজাতকরণের প্রায় ৯২ শতাংশই নিয়ন্ত্রণ করে চীন।

স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, বায়ুবিদ্যুৎ উৎপাদনের টারবাইন এবং সামরিক সরঞ্জামসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিরল মৃত্তিকা খনিজ ব্যবহৃত হয়। এ কারণে এসব খনিজের সরবরাহ ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কের অন্যতম বিরোধপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।

গত বছর এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর বিরল মৃত্তিকা রপ্তানিতে আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করতে সম্মত হয়েছিল বেইজিং। চলতি সপ্তাহের শেষ দিকে দুই নেতার আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: সিএনএন

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।