দক্ষিণ পূর্ব

৭০ কিশোরীকে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ ০২:১২ দুপুর
পঠিত : ৪৯
৭০ কিশোরীকে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে ৭০ কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল, গ্রুমিং ও যৌন নিপীড়নের দায়ে ভারতীয় এক শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত বিলাল কাজী (২৭) চেস্টার ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী।

শুক্রবার চেস্টার ক্রাউন কোর্টে তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে যুক্তরাজ্যের ১৩ বছর বয়সী এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনার তদন্ত শুরু হয়। পরবর্তী সময়ে পুলিশের তদন্তে দেশজুড়ে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। এর মধ্যে ২৮টি পুলিশ অঞ্চলের ৭০ জন কিশোরীর পরিচয় নিশ্চিত করা হয়।

চেশায়ার কনস্টেবলারি জানিয়েছে, অনলাইনে শিশু যৌন নির্যাতনের ঘটনায় তাদের ইতিহাসে এটিই সবচেয়ে বড় তদন্ত। যুক্তরাজ্যের ৪৫টি পুলিশ অঞ্চলের মধ্যে ২৮টি অঞ্চলে এই তদন্ত পরিচালিত হয়।

ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে কিশোরীদের সঙ্গে যোগাযোগ করতেন কাজী। নিজেকে সমবয়সী কিশোর পরিচয় দিয়ে তাদের বিশ্বাস অর্জন করতেন তিনি। পরে আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন।

একটি অভিযোগ থেকে বড় তদন্ত

২০২১ সালে ১৩ বছর বয়সী এক কিশোরী ডার্বিশায়ার পুলিশকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। সে স্ন্যাপচ্যাটে কাজীর সঙ্গে যোগাযোগ রাখলেও জানত না, কিশোর পরিচয় দেওয়া ওই ব্যক্তি আসলে একজন প্রাপ্তবয়স্ক।

২০২২ সালের মে মাসে চেশায়ার কনস্টেবলরির বিশেষজ্ঞ অনলাইন শিশু নির্যাতন তদন্তকারীরা মামলাটির দায়িত্ব নেন। এর মধ্যে কাজী যুক্তরাজ্য ছেড়ে চলে যান। ২০২৩ সালের জুলাইয়ে দেশে ফিরে হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়।

তার জব্দ করা মোবাইল ফোন ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করেন। পরে ৭০ জন কিশোরীর পরিচয় নিশ্চিত করে তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

৯০০টির বেশি ছবি ও ভিডিও উদ্ধার

তদন্তে কাজীর ফোন থেকে ৪০০টির বেশি আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। এ ছাড়া বার্মিংহামে পরীক্ষা করা বিভিন্ন ডিভাইস থেকে আরও ৫০০টির বেশি ছবি ও ভিডিও পাওয়া যায়। এর মধ্যে শিশু যৌন নির্যাতনের গুরুতর পর্যায়ের ছবিও ছিল।

অনলাইনে নিজের পরিচয় গোপন করতে ‘রিস’ নামের একটি আইডি এবং এক অজ্ঞাত ব্রিটিশ কিশোরের ছবি ব্যবহার করতেন কাজী। স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রবলক্সের মতো প্ল্যাটফর্মে কিশোরীদের সঙ্গে যোগাযোগ করে প্রেমের সম্পর্কের কথা বলতেন তিনি।

পরে আপত্তিকর ছবি ও ভিডিও দাবি করতেন। কেউ দিতে অস্বীকৃতি জানালে আগে সংগ্রহ করা ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। এক ঘটনায় তিনি একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেন, যা ৯৩ জন দেখেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

রায় ঘোষণার সময় বিচারক স্টিভেন এভারেট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অপর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার সমালোচনা করেন। তিনি বলেন, এসব প্ল্যাটফর্মের দুর্বলতার সুযোগ নিয়ে শিশুদের শোষণ করেছেন কাজী।

আদালত জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তাদের মধ্যে দুশ্চিন্তা, খাদ্যাভ্যাসজনিত সমস্যা ও আত্মহত্যার প্রবণতার মতো গুরুতর প্রভাব দেখা গেছে।

কাজীকে উদ্দেশ করে বিচারক বলেন, ‘তুমি একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি।’ তার কর্মকাণ্ড শিশুদের নিজেদের ঘরে যে নিরাপত্তা পাওয়ার কথা, তা থেকেও বঞ্চিত করেছে বলে মন্তব্য করেন বিচারক।

৩৭টি অভিযোগে দোষ স্বীকার

চেশায়ার কনস্টেবলরির তথ্য অনুযায়ী, শিশু যৌন অপরাধসংক্রান্ত ৩৭টি অভিযোগে দোষ স্বীকার করেছেন কাজী। এর মধ্যে ৩৩টি অপরাধের জন্য সাজা ঘোষণা করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে শিশুকে যৌন কার্যকলাপে বাধ্য করার ২৪টি, ব্ল্যাকমেইলের ছয়টি এবং শিশুর অশ্লীল ছবি তৈরির তিনটি অপরাধ।

এ ছাড়া জামিনে থাকা অবস্থায় ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের অধীনে সংঘটিত আরও আটটি অপরাধও সাজা নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

আদালত তাকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন। অন্তত ২০ বছর সাজা ভোগের পর তিনি প্যারোলে মুক্তির যোগ্য হবেন। মুক্তির পর তার ওপর আট বছরের বর্ধিত লাইসেন্স মেয়াদ কার্যকর থাকবে। পাশাপাশি তার বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধ আদেশ ও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।