বুধবার চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল হান্নানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই রাষ্ট্রপতি অধ্যাপক সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলে দাবি শিক্ষক সমিতির। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও তিনি গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে ২১ সেপ্টেম্বর কোনো কারণ উল্লেখ না করেই তাঁকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেছে শিক্ষক সমিতি।
এ পরিস্থিতিতে ২১ সেপ্টেম্বর জরুরি সাধারণ সভা করে শিক্ষক সমিতি। সভায় সর্বসম্মতভাবে অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির মাধ্যমে চুয়েটের উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনগুলো প্রত্যাহার করে অধ্যাপক সায়েমকে তাঁর পদে ফিরিয়ে দেওয়া উচিত।
সংগঠনটির ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করা প্রয়োজন। এ জন্য ২১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।