দক্ষিণ পূর্ব

পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরীর পাশাপাশি ক্রীড়াবান্ধব চট্টগ্রাম গড়তে চাই: চসিক প্রশাসক

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ ০২:৩৬ দুপুর
পঠিত : ৩১
পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরীর পাশাপাশি ক্রীড়াবান্ধব চট্টগ্রাম গড়তে চাই: চসিক প্রশাসক

ছবি

Degchibarictg

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও স্বাস্থ্যকর নগরীর পাশাপাশি ক্রীড়াবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

শনিবার সন্ধ্যায় দ্বিতীয় মেয়র গলফ কাপ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, প্রতিটি ওয়ার্ডে শিশু-কিশোর, তরুণ ও প্রবীণসহ সব বয়সী মানুষের জন্য খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। খেলাধুলা শুধু বিনোদন কিংবা প্রতিযোগিতার বিষয় নয়, বরং সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও উৎপাদনশীল সমাজ গঠনের অন্যতম মাধ্যম।

একজন চিকিৎসক হিসেবে গলফের উপকারিতা তুলে ধরে তিনি বলেন, এ খেলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এর মাধ্যমে শরীরের সক্রিয়তা, ভারসাম্য ও সমন্বয় দক্ষতা বাড়ে। পাশাপাশি মানসিক চাপ কমানো এবং বিভিন্ন বয়সী মানুষের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য গড়ে তুলতেও ভূমিকা রাখে।

শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে চসিক প্রশাসক বলেন, বর্তমানে অনেক শিশু-কিশোর ঘরবন্দি থেকে মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে অতিরিক্ত সময় কাটাচ্ছে। অন্যদিকে নগরীতে খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের সংকট বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিশুদের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলায় উৎসাহিত করতে হবে। খেলাধুলা তরুণদের মধ্যে দলগত চেতনা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস তৈরি করে।

তিনি বলেন, নগরীতে খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়াতে সিটি করপোরেশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে শনিবার আগ্রাবাদ জাম্বুরি মাঠে একটি খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। এর কয়েক দিন আগে হালিশহরেও আরেকটি খেলার মাঠ উদ্বোধন করা হয়। ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার আওতায় এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রশাসক আরও বলেন, খেলার মাঠ কোনো বিলাসিতা নয়, সুস্থ সমাজ গঠনের অপরিহার্য অনুষঙ্গ। একটি সুস্থ নগরী গড়ে তুলতে হলে আগে সুস্থ নাগরিক নিশ্চিত করতে হবে। শিশু-কিশোরদের পাশাপাশি প্রবীণদের জন্যও হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের উপযোগী উন্মুক্ত স্থান থাকা প্রয়োজন।

গলফসহ বিভিন্ন খেলাধুলার প্রসারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বলেন, এককভাবে সিটি করপোরেশনের পক্ষে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ ক্ষেত্রে শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলায় জয়-পরাজয়ের চেয়ে শৃঙ্খলা, সততা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাফল্য ও ব্যর্থতাকে ইতিবাচকভাবে গ্রহণ করার মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে গলফ থেকে মনোযোগ, ধারাবাহিকতা ও অধ্যবসায়ের শিক্ষা পাওয়া যায়, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি, নির্বাহী কমিটির সদস্য, কর্মকর্তা, পৃষ্ঠপোষক ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান চসিক প্রশাসক। একই সঙ্গে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও ক্রীড়াবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।