দক্ষিণ পূর্ব

‘উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ সংবাদ প্রকাশের অভিযোগ, ড্যাব নেতার প্রতিবাদ

Jalal Rumi
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১১ বিকাল
পঠিত : ৬৫
‘উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ সংবাদ প্রকাশের অভিযোগ, ড্যাব নেতার প্রতিবাদ

ছবি-দক্ষিণপূর্ব


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এস এম বশির উদ্দিনের বদলি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত একটি সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী।

ওই সংবাদে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালীর বিরুদ্ধে বশির উদ্দিনের বদলি বাতিল করতে তদবির ও প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এসব অভিযোগ অস্বীকার করেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টালে ‘৫১ দিন পর বদলি বাতিল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আবারও স্বপদে বশির : বদলি ঠেকাতে তদবিরের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরে প্রভাব খাটানোর প্রশ্ন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তাঁর দাবি, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ওই সংবাদে ‘আজগুবি কল্পকাহিনি’ লেখা হয়েছে।

অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী বলেন, এস এম বশির উদ্দিনের বদলি আদেশ বাতিল বা তাঁকে পুনর্বহালের বিষয়ে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার কিংবা তিনি কোনো ধরনের তদবির, সুপারিশ, টেলিফোনে যোগাযোগ বা রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করেননি। এ ঘটনায় তাঁদের কোনো সম্পৃক্ততাও নেই।

প্রকাশিত সংবাদকে সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী দাবি করে তিনি বলেন, কোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট কাগজপত্র ও তথ্য যাচাই এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়া দায়িত্বশীল সাংবাদিকতার মৌলিক শর্ত। তাঁর অভিযোগ, প্রকাশিত সংবাদে এসব নীতিমালা অনুসরণ করা হয়নি।

প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদে অভিযোগের পক্ষে ‘সুনির্দিষ্ট কোনো প্রমাণ’ না থাকার কথা উল্লেখ করা হয়েছে। এরপরও দুই ব্যক্তির নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তাঁদের সামাজিক, পেশাগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী আরও অভিযোগ করেন, তাঁদের নাম ব্যবহার করে মিথ্যা অভিযোগ প্রকাশের মাধ্যমে ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ড্যাবের মতো একটি পেশাজীবী সংগঠনের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

প্রতিবাদলিপিতে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে একই গুরুত্ব ও প্রাধান্য দিয়ে প্রতিবাদ বা সংশোধনী প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি অনলাইন মাধ্যম থেকে সংবাদটি সরিয়ে নেওয়ারও দাবি করা হয়েছে।

দাবি পূরণ না হলে মানহানির মামলা করাসহ প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।

প্রতিবাদলিপির শেষাংশে অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী বলেন, প্রকৃত সাংবাদিকতা মিথ্যার কাছে মাথা নত করে না। সংশ্লিষ্ট গণমাধ্যম ভুল বুঝতে পেরে পেশাদারিত্বের পরিচয় দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।