দক্ষিণ পূর্ব

এক্রিডিটেশন পেল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

ইমাম উদ্দিন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২০ সকাল
পঠিত : ৫৬
এক্রিডিটেশন পেল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

চিকিৎসা শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও বৈশ্বিক স্বীকৃতির ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি)। 


ওয়ার্ল্ড ফেডারেশন অব মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই)-অনুমোদিত বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্রিডিটেশন কাউন্সিল (বিএমইএসি) কর্তৃক প্রণীত কঠোর আন্তর্জাতিক মানদণ্ড সফলভাবে পূরণ করে প্রতিষ্ঠানটি এই মর্যাদাপূর্ণ এক্রিডিটেশন লাভ করেছে।


বাংলাদেশে মেডিকেল গ্র্যাজুয়েটদের বিশ্বমঞ্চে পেশাগত অবস্থান সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো উন্নত দেশগুলোতে উচ্চতর প্রশিক্ষণ ও কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০২২ সালে আইন পাশের মাধ্যমে বিএমইএসি গঠিত হয়। দেশের ১২৪টি সরকারি, বেসরকারি ও সামরিক মেডিকেল কলেজের মধ্য থেকে আন্তর্জাতিক মান বজায় রাখা প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়নের পর এই এক্রিডিটেশন দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আবেদনকারী ২১টি প্রতিষ্ঠানের মধ্যে পর্যালোচনার ভিত্তিতে মোট ৮টি মেডিকেল কলেজ এই অনুমোদন পেল।


সর্বশেষ ধাপে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পাশাপাশি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এই স্বীকৃতি লাভ করে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং নর্থ-ইস্ট মেডিকেল কলেজ এক্রিডিটেশন লাভ করেছিল। নতুন এই তালিকার মাধ্যমে চট্টগ্রাম বিভাগে বৈশ্বিক স্বীকৃতিপ্রাপ্ত দুটি প্রতিষ্ঠানের একটি হিসেবে স্থান করে নিল সিআইএমসি।


এই ঐতিহাসিক অর্জন প্রসঙ্গে সিআইএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন জানান, এই স্বীকৃতি বিএমইএসির ১১টি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে প্রতিষ্ঠানের অগ্রগতির ফসল। সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামো, আধুনিক চিকিৎসাদান পদ্ধতি, মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক সমঝোতা, নিয়মিত সেমিনার আয়োজন এবং সহ-শিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠত্বের কারণেই এ সাফল্য এসেছে। সরকারি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠান হিসেবে সিআইএমসির এই অর্জন দেশের চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে নতুন প্রেরণা জোগাবে।


ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।