বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র।
রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাজটি বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়। এর আগে বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রামে এসেছে।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে শুরু হওয়ার কথা রয়েছে ‘কারাত-২০২৬’ মহড়া। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে দুই দেশের নৌসদস্যরা সমুদ্র নিরাপত্তা, যৌথ অভিযান পরিচালনা এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ নেবেন।
মহড়ার পাশাপাশি দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হবে। সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও যৌথভাবে কাজ করার দক্ষতা বৃদ্ধিও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ৫ নভেম্বর মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। প্রশিক্ষণ শেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।