নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে স্থানীয় দলীয় সংসদ সদস্যদের দূরত্বের বিষয়টি এবার প্রকাশ্যে এসেছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ছাড়াই দক্ষিণ চট্টগ্রামের সংসদ সদস্যদের উদ্যোগে আয়োজিত হয়েছে প্রতিবাদ সভা ও গণমিছিল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলার কলেজ বাজারের এ জে চৌধুরী কলেজ মাঠে ‘দক্ষিণ চট্টগ্রামের সংসদ সদস্যবৃন্দ, বিএনপি’ ব্যানারে এ প্রতিবাদ সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা প্রতিহত করবে।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদেই এ সমাবেশ। কোনো মিছিল, পোস্টার বা ভয়ভীতি প্রদর্শন করে বিএনপিকে শঙ্কিত করা যাবে না। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। সংসদ সদস্যদের হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করা হবে।
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে দক্ষিণ চট্টগ্রামের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি এই ঐক্যকে দুর্বল করতে পারবে না। নিজ নিজ এলাকায় অরাজকতা প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, দক্ষিণ চট্টগ্রামের মানুষ ও সংসদ সদস্যরা ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্র বা পরিকল্পিত সন্ত্রাস এ অঞ্চলে হতে দেওয়া হবে না। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি নেতাকর্মীদের সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
তবে কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়া সদস্য সচিব হেলাল উদ্দিন পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সকালে নগরীর দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ সদস্যদের আলাদা কর্মসূচির বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে কমিটির শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।
দক্ষিণ জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ সদস্যদের সঙ্গে জেলা আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাদের রাজনৈতিক ও সাংগঠনিক দূরত্ব রয়েছে। এ কর্মসূচির মধ্য দিয়ে সেই টানাপোড়েনই প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন দলের তৃণমূলের অনেকে। তবে নেতাকর্মীদের একটি অংশ এ ধরনের বিভক্তি নিয়ে ক্ষুব্ধ ও বিরক্ত।
জানা গেছে, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে ৬ মে ৫৪ সদস্য নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হয়। পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনামও ওই আহ্বায়ক কমিটির সদস্য। এর মধ্যেই জেলা কমিটিকে পাশ কাটিয়ে সংসদ সদস্যদের পৃথক কর্মসূচি আয়োজনকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে।
আর/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।