দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে অপহরণের পর কেইপিজেডের পাহাড় থেকে দুই কিশোর উদ্ধার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৮ সকাল
পঠিত : ৪১
কর্ণফুলীতে অপহরণের পর কেইপিজেডের পাহাড় থেকে দুই কিশোর উদ্ধার

ছবি সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে অপহরণের অভিযোগ ওঠার পর কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) পশ্চিম পাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে দুই কিশোরকে উদ্ধার করেছে শিল্প পুলিশ-৩।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

শিল্প পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার কেইপিজেডের পশ্চিম পাশে বরগাঙ বৌদ্ধ বিহার এলাকায় তিন যুবক তাঁদের স্ত্রীদের নিয়ে ঘুরতে যান। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁদের মধ্য থেকে দুই কিশোরকে ধরে পাহাড়ের ভেতরে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে তাঁদের সঙ্গে থাকা মো. আবির (২০) ও তিন নারীকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, দুই কিশোরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে মুঠোফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানিয়ে ছাড়া পাওয়া ব্যক্তিরা শিল্প পুলিশ-৩-এর কেইপিজেড অস্থায়ী ক্যাম্পে যোগাযোগ করেন।

পরে পুলিশ সুপারের নির্দেশে এসআই (নিরস্ত্র) সুব্রত কুমার ঘোষের নেতৃত্বে একটি দল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বরগাঙ বৌদ্ধ বিহার, মরিয়ম আশ্রমসহ আশপাশের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে।

পুলিশের ভাষ্য, অভিযানের বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ৮টার দিকে জড়িতরা দুই কিশোরকে মরিয়ম আশ্রম এলাকার দুর্গম পাহাড়ে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত হিসেবে কর্ণফুলী উত্তর বন্দরের মো. হাসান (১৭), এবং আনোয়ারা উপজেলা জুইদণ্ডী চৌমুহনীর মো. রাকিব (১৭) এর নাম জানা গেছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া দুই কিশোরের অভিভাবকেরা কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী নন বলে জানিয়েছেন। পরে তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।