দক্ষিণ পূর্ব

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ ০৫:১১ সকাল
পঠিত : ৪৯
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন

ছবি

Degchibarictg

খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। তবে তিনি অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বাসটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে মুঠোফোনে তাঁকে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন তিনি। কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে খবর পেয়ে জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করেন, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত থাকতে পারেন। মব সৃষ্টি ও অরাজকতা চালানো ব্যক্তিদের সহযোগিতায় এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তবে বাসটিতে কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।