দক্ষিণ পূর্ব

'গণভোটের গণরায়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটাই সংকট উত্তরণের ভিত্তি'

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ১২:২৪ দুপুর
পঠিত : ৪৯
'গণভোটের গণরায়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটাই সংকট উত্তরণের ভিত্তি'

ছবি

গণভোটের গণরায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল জাতীয় সংকট উত্তরণের প্রধান ভিত্তি। কিন্তু বিএনপি সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের বাদামতল, আগ্রাবাদ থেকে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হলে জুলাইয়ের জাতীয় ঐক্য অটুট থাকত। তখন পতিত ফ্যাসিবাদ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার সাহস পেত না।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে। চাঁদাবাজি, দখলবাজি ও খুন-খারাবিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিতর্ক ও বিভেদ উসকে দিয়ে জুলাইয়ের চেতনাকে দুর্বল করার ষড়যন্ত্রের ফাঁদে বিএনপি আটকা পড়েছে। পতিত ফ্যাসিবাদের সমর্থক ও কালোটাকার সুবিধাভোগীরা বিএনপির আশ্রয়ে থেকে আবারও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে।

বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার একটি বক্তব্য উদ্ধৃত করে জামায়াতের এই নেতা বলেন, ‘সাপকে বিশ্বাস করা যায়; কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।’ এই বাস্তবতা ভুলে যাওয়ার কারণেই বিএনপি আজ জাতীয় সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, দেরিতে হলেও বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংকট উত্তরণে সরকার উদ্যোগ নিলে বিরোধী দলসহ জুলাইয়ের সব শক্তিকে পাশে পাবে।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, সাবেক কাউন্সিলর শফিউল আলম এবং ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, সদরঘাট থানা আমির এম এ গফুর, খুলশি থানা আমির অধ্যাপক আলমগীর ভুঁইয়া, পাঁচলাইশ থানা আমির প্রকৌশলী মাহবুবুল হাছান রুমি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সহসভাপতি মকবুল আহমদসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।