রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় আটক করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের প্লট-৩৩, রোড-৪৫-এ অবস্থিত কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে এ অভিযান চালানো হয়। সোমবার (২৬ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য, বিশেষ করে অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় শুল্ক ফাঁকির মাধ্যমে সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা অ্যালকোহল মজুত রয়েছে কি না, স্থানীয় পর্যায়ে এসব পণ্য বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দেওয়া হয়েছে কি না, বিক্রয়লব্ধ অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না এবং সংশ্লিষ্ট লেনদেনে অর্থপাচারের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাইয়ের লক্ষ্যে অভিযান চালানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থা—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।
কাস্টমস আইন, ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালা ও আয়কর আইন, ২০২৩-এ প্রদত্ত ক্ষমতাবলে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় আটক করা হয়। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) সার্বক্ষণিক সহযোগিতা দেয়।
অভিযানে আটক পণ্যের পরিমাণ, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকি এবং পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।