দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে ৭ স্পিড ক্যামেরা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ০২:৪২ দুপুর
পঠিত : ৭০
চট্টগ্রামের তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে  ৭ স্পিড ক্যামেরা

ছবি

চট্টগ্রাম নগরীতে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা কমাতে তিনটি সড়কে পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ প্রকল্প বাস্তবায়নে পুলিশকে সাতটি লেজার স্পিড ক্যামেরা দিয়েছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। ক্যামেরাগুলোর মাধ্যমে যানবাহনের গতিসীমা পর্যবেক্ষণ এবং অতিরিক্ত গতিতে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে।

প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড ও শাহ আমানত সেতু সংযোগ সড়কে এ কার্যক্রম পরিচালিত হবে। এসব সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত গতিসীমা কার্যকরে স্পিড ক্যামেরা ব্যবহার করবে পুলিশ।

সিএমপি জানায়, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রামের ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে। অতিরিক্ত গতির কারণে নগরীতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ১০০ মানুষের প্রাণহানি ঘটে।

এদিকে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় জিআরএসপি গত ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সিএমপির পুলিশ কর্মকর্তাদের জন্য লেজার স্পিড ক্যামেরা পরিচালনাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে ক্যামেরা পরিচালনার কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সড়কে ব্যবহারিক অনুশীলনও করানো হয়।

গত ১০ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেলের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

প্রশিক্ষণের প্রথম দুই দিন স্পিড ক্যামেরা পরিচালনা, দলগতভাবে ক্যামেরা ব্যবহার, সাধারণ রক্ষণাবেক্ষণ ও সম্ভাব্য ত্রুটি শনাক্তের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সড়কে ক্যামেরা ব্যবহার করে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।

কর্মশালাটি পরিচালনা করেন জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমক্স ও পিটার জোন্স। শেষ দিনে সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাপী স্বীকৃত ‘সেফ সিস্টেম’ পদ্ধতিতে পুলিশের ভূমিকা এবং সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত গতির প্রভাব নিয়ে আলোচনা হয়। এ ছাড়া প্রযুক্তির মাধ্যমে যানবাহনের গতি শনাক্ত এবং সড়কে নিরাপদ চেকপয়েন্ট স্থাপনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালার শেষ দিন বিকেলে পুলিশ সদস্যদের সাতটি দলে ভাগ করে বায়েজিদ লিংক রোডে পৃথক চেকপয়েন্ট স্থাপন করা হয়। সেখানে স্পিড ক্যামেরা দিয়ে যানবাহনের গতি পর্যবেক্ষণ এবং নিরাপদে চেকপয়েন্ট পরিচালনার অনুশীলন করেন তাঁরা। এ সময় জিআরএসপির প্রশিক্ষকেরা মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, সড়কে আইন প্রয়োগের ক্ষেত্রে নতুন প্রযুক্তির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মানিয়ে নেওয়া জরুরি। নগরীর সড়কগুলোতে গতিসীমা নিয়ন্ত্রণের এ উদ্যোগ প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খান। কবির ভূঁইয়া বলেন, জিআরএসপির দেওয়া সাতটি স্পিড ক্যামেরা যানবাহনের গতি শনাক্ত ও অতিরিক্ত গতি প্রতিরোধে পুলিশের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আরও নিয়মতান্ত্রিকভাবে যানবাহনের গতিসীমা পর্যবেক্ষণ ও আইন প্রয়োগ করা সম্ভব হবে।

স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট স্থাপনের জন্য পুলিশকে আরও সরঞ্জাম দিয়েছে জিআরএসপি। এর মধ্যে রয়েছে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, আটটি সড়ক নির্দেশক সাইন, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, আটটি বহনযোগ্য জাডার বার (স্পিড ব্রেকার) এবং আটটি বহনযোগ্য ক্যানভাস তাঁবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর সুতপা তাসনিম এবং কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।