চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিলের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সিআরবি এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সিআরবি এলাকায় জড়ো হন। পরে তারা ব্যানার নিয়ে মিছিল বের করেন।
মিছিল শুরু হলে সেখানে থাকা পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় মিছিলকারীদের কয়েকজন পালিয়ে গেলেও ১২ জনকে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।