দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০৭:০১ সকাল
পঠিত : ৩১
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
Degchibarictg

নগরীর রিয়াজউদ্দিন বাজারের জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের রিয়াজউদ্দিন বাজারসংলগ্ন তিন পুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত জাকির হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার ব্যবসায়ী জাকির হোসেনের অভিযোগ, এ ঘটনায় জসীমউদ্দীন প্রকাশ আরমান (৪৫), সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ (৪০), দিদারুল আলম প্রকাশ কালুদিদার (৫৫) ও আবু সালেহ আবিদের (৩৫) সম্পৃক্ততা রয়েছে। এ ছাড়া হামলায় আরও ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, জাকির হোসেন যাওয়ার পথে হামলাকারীরা আগে থেকেই ওত পেতে ছিলেন। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিরিচ দিয়ে কোপানো হয়। তাঁকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এক পথচারী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যবসায়ীকে দেখতে যান রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। এ সময় তিনি হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। তাঁর ওপর এ ধরনের হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

ব্যবসায়ী নেতারা জানান, রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম নগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। প্রতিদিন এ বাজারে বিপুলসংখ্যক ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা ও পণ্য পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তির সমাগম ঘটে। ব্যবসায়িক লেনদেনের কারণে অনেক ব্যবসায়ীকে নগদ অর্থ বহন করতে হয়। এ অবস্থায় একজন ব্যবসায়ীর ওপর হামলা ও বিপুল অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা জোরদার, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং ব্যবসায়ীদের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, ঘটনার বিষয়ে জানার পরপরই তাঁর টিম কাজ শুরু করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আনুষ্ঠানিক কোনো অভিযোগ না পেলেও বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজও চলছে। তিনি বলেন, খুব দ্রুত সুসংবাদ শুনবেন। সন্ত্রাসীর পরিচয় শুধু সন্ত্রাসী।

উল্লেখ্য, হামলার শিকার জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজার শ্রমিকদলের সহসভাপতি। তাঁর ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।