জনগণের আস্থা অর্জন করতে হলে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে যুবদলের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। নগরের পরিচ্ছন্নতা, নাগরিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনদুর্ভোগ নিরসনে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের বিভিন্ন স্থানে যত্রতত্র ভ্যানগাড়ি ও রিকশা দাঁড় করানো এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে যুবদলের নেতাকর্মীরা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারেন। সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে নাগরিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চকবাজারে আয়োজিত আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, তিনি একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ। তাই মানুষের পাশে দাঁড়ানো, জনদুর্ভোগ কমানো এবং নাগরিক সেবার মানোন্নয়নে সহযোগিতা করা রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্ব।
অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, অনেক নেতাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দল বা দলের নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। দায়িত্বশীল আচরণ ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রত্যেককে নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হবে। সততা, নৈতিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা ও উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করার আহ্বান জানান তিনি। জনসেবা, পরিচ্ছন্নতা ও নগরের সমস্যা সমাধানে ভূমিকা রেখে যুবদলকে দৃষ্টান্ত স্থাপনেরও আহ্বান জানান।
চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেলে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আবুল হাসেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক খোরশেদ আলম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী ইমরান উদ্দিন, সদস্যসচিব মহিউদ্দিন মিজান, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সদস্যসচিব মো. মুসা এবং কোতোয়ালি থানা যুবদলের সদস্যসচিব মো. হাসান।
আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।