চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কর্ণেলহাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী মিছিল চলাকালে মো. পারভেজ নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইসমাইল হোসেন সাগর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন বলেন, দুজনের মধ্যে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসমাইল হোসেন সাগরকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বলেন, মিছিলে তিনিও উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে ইসমাইল হোসেন সাগর স্বেচ্ছাসেবক দলের কর্মী পারভেজকে ছুরিকাঘাত করেন। তবে ছুরিকাঘাতকারী স্বেচ্ছাসেবক দলের কোনো নেতা-কর্মী নন। তাঁদের দুজনের মধ্যে পূর্ববিরোধ ছিল বলে তিনি জানতে পেরেছেন।
ঘটনাস্থলে যাওয়া আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন বলেন, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগবিরোধী প্রতিবাদ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ওই মিছিল চলাকালে একজনকে ছুরিকাঘাত করা হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।