দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরে বিল পরিশোধে পুরোনো সুবিধা ৩১ অক্টোবর পর্যন্ত

saiful
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৮ দুপুর
পঠিত : ১৭
চট্টগ্রাম বন্দরে বিল পরিশোধে পুরোনো সুবিধা ৩১ অক্টোবর পর্যন্ত


চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। তবে ১ নভেম্বর থেকে এসব বিল শতভাগ অনলাইনে পরিশোধ করতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ‘কনসাইনি বিল ফর কনটেইনার’ অনলাইন ব্যাংকিংয়ের পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে। ১ নভেম্বর থেকে শুধু অনলাইনের মাধ্যমে এসব বিল পরিশোধ করতে হবে। এরপর পে-অর্ডার বা রিভলভিং অ্যাকাউন্টে বিল গ্রহণ করা হবে না।

বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দরের অনলাইন ব্যবস্থার সঙ্গে সোনালী ব্যাংকের কারিগরি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফলে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করেও বন্দরের যেকোনো বিল পরিশোধ করা যাবে।

সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট, কনসাইনি ও বন্দর ব্যবহারকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ব্যবস্থায় বিল পরিশোধের প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এর আগে ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামানের কাছে দেওয়া এক আবেদনে নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার পাশাপাশি ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টে বিল পরিশোধের সুযোগ বহাল রাখার অনুরোধ জানায়।

অ্যাসোসিয়েশনের আবেদনে বলা হয়, ২৩ সেপ্টেম্বর থেকে পুরোনো পদ্ধতি বন্ধ করে নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর পর সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে আলোচনার মাধ্যমে রিভলভিং অ্যাকাউন্টে বিল পরিশোধের ব্যবস্থা সাময়িকভাবে চালু করা হয়। এর পরিপ্রেক্ষিতেই ৩১ অক্টোবর পর্যন্ত পুরোনো সুবিধা বহাল রাখার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।