দক্ষিণ পূর্ব

বিকডার দাবি 'অযৌক্তিক'

চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে ভোগান্তি, ডিপোতে গোসল-ঘুমের স্থান চান চালকরা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ০৬:০০ সকাল
পঠিত : ৩০
চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে ভোগান্তি, ডিপোতে গোসল-ঘুমের স্থান চান চালকরা
Degchibarictg

 



চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে যুক্ত ট্রাকচালকদের বেসরকারি কনটেইনার ডিপোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অথচ অনেক ডিপোতে নেই পর্যাপ্ত পার্কিং, বিশ্রাম, গোসল কিংবা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। এর সঙ্গে রয়েছে পার্কিং চার্জ ও বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। এসব সমস্যা সমাধানে চালকদের ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। তবে চালকদের গোসল ও ঘুমানোর সুবিধা দেওয়ার দাবিকে ‘অযৌক্তিক’ বলছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)।

সম্প্রতি চালকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বিকডার সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছে চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

অভিযোগে বলা হয়েছে, বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় অনেক সময় চালকদের ডিপোর বাইরে কিংবা সংলগ্ন সড়কে অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় অবস্থান করলেও তাঁদের জন্য পর্যাপ্ত বিশ্রামের জায়গা, গোসল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই। এ ছাড়া পার্কিং চার্জ, অতিরিক্ত লোডিং বিল এবং লেবার বকশিশের নামে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। এসব কারণে পরিবহন মালিক ও শ্রমিকদের ভোগান্তি বাড়ছে।

চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ আরিফুর রহমান রুবেল বলেন, ‘ডিপোগুলোতে পরিবহন শ্রমিকরা যাতে সব সুযোগ-সুবিধা পান এবং কোনো রকম যাতে টাকা দিতে না হয়, সে বিষয়ে আমরা বিকডার সঙ্গে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করছি।’

তবে চালকদের জন্য বিশ্রাম ও গোসলের ব্যবস্থা রাখার দাবিকে যৌক্তিক মনে করছে না বিকডা। সংগঠনটির সচিব মোহাম্মদ রুহুল আমিনের বক্তব্য, ডিপোতে পার্কিংয়ের ব্যবস্থা থাকলে তার জন্য ভাড়া নেওয়াও স্বাভাবিক। অন্যদিকে শ্রমিকদের বকশিশ আদায়ের দায় ডিপো কর্তৃপক্ষের নয়।

তিনি বলেন, ‘ডিপো যেহেতু পার্কিং সুবিধা দিচ্ছে, তাই পার্কিং ভাড়া নেবে—এটাই তো কথা। কারণ, পার্কিংয়ের জায়গাটা তো টাকা দিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া লেবারদের বকশিশ নেওয়ার বিষয়ে ডিপো কর্তৃপক্ষের দায় আসার সুযোগ নেই। এটা অনেক সময় ট্রাকে ওভারলোডের কারণে হতে পারে। তবে আমরা যাতে কেউ জোর করে কোনো টাকা নিতে না পারে, সে বিষয়ে খেয়াল রাখব।’

চালকদের জন্য পার্কিংয়ের পাশাপাশি গোসল ও ঘুমানোর সুবিধা দেওয়ার দাবি প্রসঙ্গে বিকডার সচিব বলেন, ‘পার্কিংয়ের সঙ্গে গোসলের, ঘুমানোর সুবিধাও দিতে হবে—এটা আসলে অযৌক্তিক।’

এদিকে অপেক্ষমাণ ট্রাকের জন্য ডিপোর ভেতরে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রাখার নির্দেশনা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতিমালায়। তবে চালকদের বিশ্রাম, গোসল কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে নীতিমালায় কোনো নির্দেশনা নেই।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।