দক্ষিণ পূর্ব

চমেকে রোগীদের ভাত-ডালে মাছি, ডিম পচা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ০৬:৩৩ বিকাল
পঠিত : ২৩
চমেকে রোগীদের ভাত-ডালে মাছি, ডিম পচা

ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের জন্য তৈরি হচ্ছে খাবার। অথচ সেই খাবার তৈরির রান্নাঘরেই মিলেছে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র। কোথাও খোলা অবস্থায় পড়ে আছে রান্না করা ভাত-ডাল, কোথাও ইঁদুর ও তেলাপোকার অবাধ বিচরণ। এমনকি রোগীদের পরিবেশনের জন্য রাখা সেদ্ধ ডিমের মধ্যেও পাওয়া গেছে পচা ডিম। রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়োয় মিলেছে পলিথিন, মাকড়সার জাল এবং প্রাথমিক পরীক্ষায় ক্ষতিকর লেড সল্টের উপস্থিতি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে চমেক হাসপাতালের খাদ্য বিভাগে অভিযান চালিয়ে এসব অনিয়মের সন্ধান পায় নিরাপদ খাদ্য অধিদপ্তর।

অভিযানকালে দেখা যায়, রোগীদের জন্য রান্না করা ভাত ও ডাল কোনো ধরনের ঢাকনা ছাড়াই খোলা অবস্থায় রাখা হয়েছে। এসব খাবারের ওপর বসছে মাছি ও পোকামাকড়। রান্নাঘরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর ও তেলাপোকা। খাবার সংরক্ষণ ও রান্নার পরিবেশেও ছিল চরম অব্যবস্থাপনা।

শুধু রান্নাঘরের পরিবেশই নয়, খাবারের উপকরণেও পাওয়া গেছে গুরুতর অনিয়ম। রোগীদের পরিবেশনের জন্য রাখা সেদ্ধ ডিমের মধ্যে পচা ডিম শনাক্ত করেন কর্মকর্তারা। অন্যদিকে রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়ো পরীক্ষা করে পাওয়া যায় পলিথিন ও মাকড়সার জাল। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও শনাক্ত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ ধরনের উপাদান মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

এসব অনিয়মের ঘটনায় খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ইয়াহিয়া ও কর্মচারী উৎপলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির একজন কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ ইসলাম বলেন, হাসপাতালের রোগীদের খাবার তৈরির ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা পাওয়া গেছে। হলুদের গুঁড়োয় পলিথিন ও মাকড়সার জালের পাশাপাশি প্রাথমিক পরীক্ষায় লেড সল্টের উপস্থিতি মিলেছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমও চলমান থাকবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।