চট্টগ্রামের ফটিকছড়িতে চাচার মৃত্যুর পর বাবার বাড়িতে যাওয়া নিয়ে পারিবারিক কলহের জেরে বিষপান করা লিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিমা আক্তার উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনু পণ্ডিত বাড়ির মোহাম্মদ রাশেদের স্ত্রী। তাদের দুটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার লিমা আক্তারের এক চাচা মারা যান। চাচাকে দেখতে বাবার বাড়িতে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি বলে জানা গেছে। এ নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বুধবার সকালে তিনি বিষপান করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় আসছেন। তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আর/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।