চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
সরকারি ছুটির কারণে বুধবার বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে সেখানে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা। এ কারণে গতকাল মঙ্গলবার রাত থেকেই শিক্ষার্থীদের একটি অংশ প্রধান ফটকে অবস্থান করছেন।
শিক্ষার্থীরা জানান, সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মো. সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এর আগে সোমবার সন্ধ্যায় চুয়েটের উপাচার্য পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ওই রাতে ক্যাম্পাসে মিছিল করেন তারা। পরদিন মঙ্গলবার সকাল থেকে শাটডাউন কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবনেও তালা দেওয়ার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়োগের ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মো. সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। তবে তিনি কবে চুয়েট ক্যাম্পাসে যোগ দিতে যাবেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।