চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফা মারামারি হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণের সঙ্গে জুনিয়রদের কয়েকজনের বসাকে কেন্দ্র করে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিনের সঙ্গে বিরোধ তৈরি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা ছড়ায়।
এর জেরে শুক্রবার রাতে শিক্ষার্থীরা আলোচনায় বসেন। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন। পরে প্রধান ফটকের সামনেও মারামারি হয়।
ভৈরব বর্মণ অভিযোগ করেন, কয়েকজন শিক্ষার্থী তাঁর সঙ্গে বিরোধে জড়ান। আলোচনার একপর্যায়ে তাঁরা তাঁর বন্ধুদের মারধর শুরু করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। বাকি দুজন অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এদিকে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক মিসবাহ উদ্দীন স্বাধীন। মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন শিক্ষার্থী মিসবাহর কাছে ভিডিও ধারণের কারণ জানতে চান। একপর্যায়ে তাঁরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করেন।
চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত ও পরিচয় প্রকাশ করা হবে।
এ ঘটনায় অভিযুক্ত রাকিন ও আবদুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।