জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও তাদের কর্মকাণ্ডে সরকারকে ব্যর্থ করার চেষ্টা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
তিনি বলেন, জামায়াতের বক্তব্যের সঙ্গে তাদের কর্মকাণ্ডের মিল নেই। নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের বর্তমান রাজনৈতিক বক্তব্যেও তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত মুখে বলছে তারা সরকারকে সহযোগিতা করছে। কিন্তু একই সময়ে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো আন্দোলন করার পরিকল্পনা করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের ভাষার মধ্যে এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। তারা ডিসেম্বর মাসকে বেছে নিয়েছে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে আমরাও ইনশাআল্লাহ দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকব।’
সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, যারা সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের কর্মসূচি দেবে কিংবা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে, দেশের জনগণ তাদের প্রতিহত করবে।
হেফাজতে ইসলামের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও মাদ্রাসাশিক্ষার্থীদের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নির্বাচনের আগে হেফাজতের আমির ইসলামী মূল্যবোধ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা গুরুত্বপূর্ণ।
ইসলামের নাম ও পোশাক ব্যবহার করে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের বিষয়ে হেফাজতের আমির জনগণকে সতর্ক করেছেন বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা সম্পর্কে তার বক্তব্যের কথা উল্লেখ করেন রাশেদ খাঁন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত সরকারকে সহযোগিতার কথা বললেও তাদের বিভিন্ন কর্মকাণ্ডে জনমনে সংশয় তৈরি হয়েছে। ইসলামী রাজনীতির কথা বলে ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়ার সুযোগ নেই। রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বানও জানান তিনি।
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, পবিত্র জুমার দিনে দোয়া নিতে তিনি বাবুনগর মাদ্রাসায় এসেছেন। এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন এবং বিএনপি ও দেশের জনগণকে ইসলামী মূল্যবোধের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি ফয়সাল হাবিব, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম লাভলুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।