দক্ষিণ পূর্ব

জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের সেই ২য় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৮ দুপুর
পঠিত : ২৯
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী  নজরুলের সেই ২য় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের (জামায়াত থেকে বহিষ্কৃত) দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছান।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বলেন, ‘লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল ও পিবিআই সদস্যরা কাজ করছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে তারা ঘটনাটি সম্পর্কে খবর পান। তবে ঘটনাটি সম্ভবত বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ঘটেছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানিয়েছে, মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল ও পিবিআই সদস্যরা কাজ করছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত জুলাই মাসে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

প্রথম দিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কেউ কেউ ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেছিলেন। পরে গাজী নজরুল ইসলাম তাঁর ফেসবুক পোস্টে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

তখন তিনি দাবি করেন, গত ১৩ জুলাই তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে তাঁর দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তারা আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।

গাজী নজরুল ইসলামের দাবি, তারা ওই কার্যালয়ে অবস্থানকালে যোহরের নামাজ আদায়ের আগে তাঁর গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি ৫ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাঁদের জিম্মি করেন এবং এক লাখ টাকা আদায় করেন।

তাঁর আরও দাবি, পরে ওবায়দুল্লাহর যোগসাজশে তিনি চলাচলের জন্য ব্যবহৃত ভাড়ার গাড়িটিও আটকে রেখে দফায় দফায় কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এ ঘটনার পেছনে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধ রয়েছে বলেও দাবি করেন তিনি।

মরিয়ম খাতুনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলামকে নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়। পরে নৈতিক স্খলনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে।

এর আগে মরিয়ম খাতুনকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন গাজী নজরুল ইসলাম। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা ও রাজনৈতিক চাপের মধ্যে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ফরেনসিক পরীক্ষা ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।