চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফে রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারী তরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৮তম বার্ষিক ওরশ শরিফ।
ওরশ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, জিকির-আসকার, বিশ্বঅলির জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।
ফজরের নামাজের পর রওজা শরিফে গোসল ও গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি শেষে রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
ওরশে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র এবং গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
ওরশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত লাখো আশেক-ভক্ত ও জায়েরিনের যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকসহ সহস্রাধিক জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।