জাতীয় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার আগে বিএনপিকে অতীতের রাজনৈতিক ভুলের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, সংলাপের নামে জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে, ‘বাবা ভুল করেছি, মাফ করে দাও; আমি গণরায় বাস্তবায়ন করব।’ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত অধিকার নিয়ে কোনো রাজনৈতিক আপস করা হবে না।
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত আট মাসে রাজপথে যারা নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের পুনর্বাসনের অভিযোগ রয়েছে বিএনপির বিরুদ্ধে। অর্থের বিনিময়ে থানায় আটক ব্যক্তিদের ছাড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের ইতিহাস কোনো রাজনৈতিক সমঝোতার আড়ালে চাপা দেওয়া যাবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, অতীতের রাজনৈতিক ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন। পরবর্তী সময়ে সেই আওয়ামী লীগের কারণেই তাকে জীবন দিতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন বলেন, ‘আপনার বাবা যে ভুল করেছেন, আপনি সেই ভুল করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়াই রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব।’
তিনি আরও বলেন, তারেক রহমান যদি মনে করেন আলোচনার মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার এড়িয়ে যাওয়া সম্ভব, তাহলে সেটি হবে অবাস্তব চিন্তা। তরুণরা এখনো রাজপথে রয়েছেন। প্রয়োজনে মসনদের দোরগোড়ায় গিয়ে হলেও গণরায়ের বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
সমাবেশে চার দফা দাবি তুলে ধরে এনসিপি। দাবিগুলো হলো—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, জুলাই বিপ্লবের গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংলাপের নামে দাবিগুলো বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদের ভিত্তিতেই দেশের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। গণভোটের রায় কার্যকর না হলে জাতীয় ঐক্যের আলোচনা অর্থবহ হবে না।
ভারতের সঙ্গে পানিবণ্টন ইস্যুতেও কঠোর অবস্থানের কথা জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। অন্যথায় বাংলাদেশে ভারতীয় পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না এবং ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি নিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন। সঞ্চালনা করেন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিন। প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত।
এদিকে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটিতে মুন্নাকে আহ্বায়ক ও জোবাইরুল আলম মানিককে সদস্যসচিব করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটিতে একরামুল হককে আহ্বায়ক এবং আবদুল করিম টিপুকে সদস্যসচিব করা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।