দক্ষিণ পূর্ব

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানালো বিপিএসএফ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪০ বিকাল
পঠিত : ৩১
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানালো বিপিএসএফ

ছবি

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার রাতে এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক মো. সেলিম পাটওয়ারী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পরিবহন শ্রমিক, মালিক ও সাধারণ যাত্রীদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে শ্রমজীবী মানুষ এমনিতেই কঠিন সময় পার করছেন। এর মধ্যে জ্বালানির দাম বাড়ানো হলে জনদুর্ভোগ আরও তীব্র হবে।

নেতৃবৃন্দ বলেন, পরিবহন খাত দেশের অর্থনীতি ও জনজীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়লে যানবাহন পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। এতে পরিবহন শ্রমিকদের ওপর অতিরিক্ত চাপ পড়ার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত ব্যয়ও বাড়তে পারে। একই সঙ্গে পণ্য পরিবহন ব্যয় বেড়ে গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে তারা বলেন, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের ন্যায্য মজুরি, কর্মনিরাপত্তা ও জীবনযাত্রার মান নিশ্চিত করার ক্ষেত্রে এখনও নানা সমস্যা রয়েছে। এ অবস্থায় একযোগে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত শ্রমিকদের দুর্ভোগ আরও বাড়াবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার অথবা পুনর্বিবেচনা করতে হবে। পাশাপাশি পরিবহন শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে না দেওয়া, জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং পরিবহন খাতের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা বলেন, জনস্বার্থ ও শ্রমিকদের অধিকার বিবেচনায় নিয়ে জ্বালানি নীতিতে দায়িত্বশীল, ন্যায়সংগত ও জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ জরুরি। এ বিষয়ে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

আর/  দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।