দক্ষিণ পূর্ব

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০২ দুপুর
পঠিত : ২৩
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ

ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ কমানোর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরের জামালখান প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম মহানগর এনসিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব। প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক, যুগ্ম সদস্য সচিব আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী, ডা. মোহাম্মদ খান ও সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরীসহ নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও কৃষি খাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে।

তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও অনিয়মের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে জনস্বার্থে রাজপথে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের অধিকার আদায়ে এনসিপি কোনো আপস করবে না বলেও তারা ঘোষণা দেন।

সমাবেশ শেষে জামালখান প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি জামালখান মোড় প্রদক্ষিণ করে চেরাগি পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। এতে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।