দক্ষিণ পূর্ব

ড. হামিদুর রহমান আযাদ

কুতুবদিয়া-মগনামা নৌপথে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া বন্ধ করুন, অবিলম্বে সী-ট্রাক চালু করুন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ ০৪:৩১ দুপুর
পঠিত : ৩৭
কুতুবদিয়া-মগনামা নৌপথে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া বন্ধ করুন, অবিলম্বে সী-ট্রাক চালু করুন

ছবি

Degchibarictg

কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা নৌপথে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও নানা অব্যবস্থাপনা বন্ধের দাবি জানিয়েছেন ড. হামিদুর রহমান আযাদ। একই সঙ্গে বন্ধ থাকা সী-ট্রাক দ্রুত চালু করে নৌপথে নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কুতুবদিয়া-মগনামা নৌঘাটে সম্প্রতি কুতুব শরীফ দরবার জিয়ারত করতে আসা মেহমানদের ওপর হামলার অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ নৌপথে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, ঘাটের অব্যবস্থাপনা এবং নৌযান পরিচালনায় অনিয়মের অভিযোগ রয়েছে। সাধারণ যাত্রী, পর্যটক ও জিয়ারতকারীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ নৌপথে সী-ট্রাক আনা হয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ এই নৌযানটি বর্তমানে বন্ধ রয়েছে। মেরামত কিংবা অন্য কোনো কারণে চলাচল বন্ধ থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। সরকারি উদ্যোগে আনা একটি নৌযান অচল পড়ে থাকবে, আর সাধারণ মানুষকে অনিরাপদ ও অনিয়ন্ত্রিত নৌযানের ওপর নির্ভর করতে হবে—এটি কোনোভাবেই কাম্য নয়।

এ পরিস্থিতিতে কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কুতুবদিয়া ও পেকুয়া উপজেলা প্রশাসনের প্রতি পাঁচ দফা দাবি জানান তিনি।

দাবিগুলোর মধ্যে রয়েছে—বন্ধ থাকা সী-ট্রাক দ্রুত সচল করে নিয়মিত চলাচলের ব্যবস্থা করা; প্রয়োজনে বিকল্প সী-ট্রাকের ব্যবস্থা গ্রহণ; সরকার নির্ধারিত ভাড়ার তালিকা ঘাটের দৃশ্যমান স্থানে প্রদর্শন ও তা কার্যকর করা; অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত তদারকি এবং যাত্রী হয়রানি, দুর্ব্যবহার ও হামলার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত নৌযানের চলাচল বন্ধ করে প্রতিটি নৌযানের নিরাপত্তা ও চলাচলের উপযোগিতা নিশ্চিত করা, নৌঘাটে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং যাত্রীদের অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা চালুর দাবিও জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, কুতুবদিয়া-মগনামা নৌপথ কোনো বিশেষ মহলের ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি সাধারণ মানুষের চলাচলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ পথে নিরাপদ যাতায়াত, যাত্রীসেবা ও ন্যায্য ভাড়া নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। জনগণকে জিম্মি করে কোনো ধরনের অনিয়ম ও হয়রানি চলতে দেওয়া যায় না।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।