চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। তাঁকে না জানিয়ে এ দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে উপাচার্যকে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক ই-মেইল বার্তায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অধ্যাপক আবু কাউছারকে রুটিন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানান। দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থানের কারণে নিজের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ই-মেইলে উল্লেখ করেন উপাচার্য।
তবে দায়িত্ব গ্রহণে অসম্মতি জানিয়ে অধ্যাপক আবু কাউছার বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করে এ দায়িত্ব দেওয়া হয়নি। উনি (উপাচার্য) নিজে থেকে একটা ই-মেইল লিখলেই কি আমি এ দায়িত্ব পালন করব? আমি তাঁকে মুঠোফোনে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছি এবং দায়িত্ব প্রত্যাখ্যান করেছি। তাঁকে বলেছি, দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন। আমি এসবের মধ্যে নেই।’
এর আগে রোববার (১ নভেম্বর) এক দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে। ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে ঢাকায় অবস্থানের কথা জানিয়ে তাঁকে এ দায়িত্ব দিয়েছিলেন উপাচার্য।
উপাচার্যের ই-মেইল অনুযায়ী, ১ নভেম্বর বিকেল থেকে দায়িত্ব কার্যকর হওয়ার কথা ছিল। ২ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনের এ দায়িত্ব পালনের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে উপাচার্য কর্মস্থলে না ফেরায় পরবর্তী সময়ে অধ্যাপক আবু কাউছারকে রুটিন দায়িত্ব দেওয়া হয়।
কিন্তু দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন অধ্যাপক আবু কাউছার। ফলে উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।