মোঃ মাসুম আকবরী আকাশ;
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের পটিয়ার পুলক নাথ। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। শারজাহতে এক মিশরীয় নাগরিকের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন প্রবাসী পুলক। তাঁর মৃত্যুর খবরে পটিয়ার বাড়িতে চলছে শোকের মাতম।
নিহত পুলক নাথ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মধুসূদন নাথের ছেলে। গত শনিবার শারজাহতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, পুলকের মৃত্যুর খবর প্রথমে দেশে ফোন করে জানান তাঁর সঙ্গে থাকা এক বন্ধু। ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন মা বালা দেবী। আকস্মিক এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। বিশেষ করে প্রতিবন্ধী ভাইকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।
ছেলের মরদেহ শেষবারের মতো দেখতে চান মা বালা দেবী। কান্নাজড়িত কণ্ঠে তিনি দ্রুত ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
নিহতের বোন চুমকি দেবী বলেন, পরিবারের অন্যতম ভরসা ছিলেন পুলক। তাঁর এমন মৃত্যুতে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে। ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
পুলকের চাচা বসু নাথ জানান, তাঁর ভাতিজা ছিলেন অত্যন্ত ভদ্র ও নিরীহ প্রকৃতির। পরিবারের জন্য অনেক স্বপ্ন ছিল তাঁর। এভাবে ছুরিকাঘাতে প্রাণ হারানোর ঘটনা মেনে নেওয়া কঠিন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দারাও পুলকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় জীবিকার সন্ধানে বিদেশে গিয়েছিলেন পুলক। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে পুলকের মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পরিবার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহ পটিয়ার গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।