দক্ষিণ পূর্ব

ঢাকা-চট্টগ্রামের জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:১০ দুপুর
পঠিত : ৪৮
ঢাকা-চট্টগ্রামের জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন

ছবি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার যে জোয়ার তৈরি হয়েছে, তা থামানোর ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা–চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, শুধু নির্বাচন কমিশন নয়, রাষ্ট্রের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার গুরুত্বপূর্ণ পদেও দলীয় পরিচয়ধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সামনে স্থানীয় সরকার নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এমন নিয়োগের উদ্দেশ্য কী, তা সহজেই বোঝা যায়। আগামী নির্বাচনগুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠার নতুন পরিকল্পনা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, বাংলাদেশে আর একতরফা নির্বাচন, রাতের ভোট কিংবা ভোটকেন্দ্র দখলের রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ের মতো একতরফা নির্বাচন, রাতের ভোট কিংবা ভোটকেন্দ্র দখলের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া হবে না।’

সিটি করপোরেশন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন দেওয়ার কথা বলা হলেও বাস্তবে নির্বাচন আয়োজনের কোনো কার্যকর প্রস্তুতি দেখা যাচ্ছে না। বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়ে রাখা হয়েছে। অথচ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, এই কর্মসূচিকে ঘিরে মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা আর থামানো সম্ভব নয়।

তিনি বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই।’

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।পথসভায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।