জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
নোটিশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে হবে। এ জন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর প্রকাশের পর ফেসবুকে পোস্ট দেন সাজ্জাদ হোসাইন হৃদয়। পোস্টে তিনি লেখেন, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছেন, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদও জানান তিনি।
ওই পোস্টের পরই তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে সাজ্জাদ হোসাইন হৃদয় বলেন, সংগঠনের প্রতি তার শতভাগ আনুগত্য রয়েছে। পোস্টকে কেন্দ্র করে শোকজ করা হলে তিনি সাংগঠনিক নিয়ম অনুযায়ী এর জবাব দেবেন।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা চলছে এবং বিশ্বজুড়েই তেলের দাম বেশি। বাংলাদেশ সরকারও পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তিনি মূলত বিষয়টির ব্যাখ্যা দিয়ে ফেসবুকে পোস্টটি দিয়েছিলেন।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, সর্বশেষ রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে।
এসআই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।