কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, নাশকতা ও গুপ্ত হামলার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় মশাল মিছিল করেছে বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি আনোয়ারা উপজেলা ভূমি অফিস মোড় থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয়কালী বাজারে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে লায়ন মো. হেলাল উদ্দিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের শান্তি-শৃঙ্খলাকে দুর্বলতা ভেবে গুপ্ত হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, দুষ্কৃতকারীরাও এ দেশে কোনো জায়গা পাবে না। সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
হেলাল উদ্দিন আরও বলেন, দেশ থেকে সন্ত্রাস চিরতরে নির্মূল করতে প্রতিটি এলাকা, ওয়ার্ড, গ্রাম ও উপজেলায় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সমাবেশ থেকে বৃহস্পতিবার সকাল থেকে আনোয়ারার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। একই দিন দুপুরের পর কালাবিবি দিঘীর মোড়ে বড় পরিসরে সন্ত্রাসবিরোধী মিছিল আয়োজনের কথাও জানানো হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।