দক্ষিণ পূর্ব

পটিয়ায় এনসিপির মশাল মিছিল ও প্রতিবাদ সভা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ০৫:৫৬ বিকাল
পঠিত : ৬৬
পটিয়ায় এনসিপির মশাল মিছিল ও প্রতিবাদ সভা

ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টায় পটিয়া পৌরসদরের থানার মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুর রশিদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আরমান আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

সভায় বক্তব্য দেন উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নুরুল মোস্তফা মনিরী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির, ভারপ্রাপ্ত সদস্যসচিব হাফেজ মো. সায়েদ সিদ্দিক সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহ আশরাফুল সিফাত, অমিত দাশ ও তাজরিয়ান হাসান।

প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যেভাবে খুন, গুম ও নির্যাতন চালিয়েছেন, তাতে এ দেশে তাঁর আর রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে আসার যে স্টান্টবাজি তিনি করছেন, তা জনগণ বুঝে গেছে। তাঁর যদি এতই দেশপ্রেম থাকত, তাহলে দেশে থেকেই ছাত্র-জনতাকে মোকাবিলা করতেন, পালিয়ে যেতেন না।’

তিনি আরও বলেন, বর্তমানে যারা উঁকিঝুঁকি দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে। দেশবিরোধী কোনো কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

সভায় ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির বলেন, ‘জুলাইয়ের শক্তি হিসেবে পরিচিত আমাদের ওপর বারবার হামলা হচ্ছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আর কোনো সহযোদ্ধার ওপর হামলা হলে ছাত্র-জনতা বসে থাকবে না।’

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।