চট্টগ্রামের পটিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় ঘরের মালামাল বের করতে গিয়ে জল্পনা চৌধুরী (৫৮) নামে এক গৃহিণী দগ্ধ হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পান বাজার এলাকার দিলীপ চৌধুরীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে যায়।
আগুন দেখতে পেয়ে ঘরের মালামাল উদ্ধারের চেষ্টা করেন গৃহিণী জল্পনা চৌধুরী। এ সময় তিনি আগুনে দগ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের বসতঘরগুলো আগুনের হাত থেকে রক্ষা পায়।
দগ্ধ জল্পনা চৌধুরীকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি অসহায় পরিবারের বসতঘরের সর্বস্ব পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।