দক্ষিণ পূর্ব

পটিয়ায় ১৩ মামলার আসামি ‘বালু সাইফুল’ গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪ দুপুর
পঠিত : ৪২
পটিয়ায় ১৩ মামলার আসামি ‘বালু সাইফুল’ গ্রেপ্তার

ছবি

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ১৩ মামলার আসামি মো. সাইফুদ্দিন ওরফে সাইফুল ইসলাম ওরফে ‘বালু সাইফুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারামারি, মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ওসি মো. জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সাইফুদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহসম্পাদক এবং হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালে পটিয়া থানায় দায়ের হওয়া একাধিক মামলায় হত্যা চেষ্টা, বিস্ফোরক, মারধর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের হওয়া একটি মামলায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগে তাঁকে আসামি করা হয়। একই বছরের ২০ আগস্টের মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া ১ নভেম্বর দায়ের হওয়া আরেক মামলায় হত্যা চেষ্টা, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় তাঁকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এসব মামলার বাইরে অপহরণ, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে। সব মিলিয়ে পটিয়া থানায় তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, সাইফুদ্দিন একাধিক মামলার আসামি। বিভিন্ন সময় সংঘর্ষ, মারামারি, চাঁদাবাজি, অপহরণ ও মাদকসংক্রান্ত ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর সাইফুদ্দিনকে সংশ্লিষ্ট মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।