পার্বত্য চট্টগ্রামে ওপর থেকে চাপিয়ে দেওয়া নয়, বরং তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিচ্ছে সরকার। ধর্ম, বর্ণ ও গোত্রনির্বিশেষে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে সুষম ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও সমৃদ্ধ একটি অঞ্চল। এই অঞ্চলের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সম্প্রীতি অটুট রেখে উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে।
নতুন প্রজন্মের ওপর বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে মীর হেলাল উদ্দীন বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, প্রকৌশল ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ নিয়ে তাদের গড়ে উঠতে হবে।
তিনি বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে দেশের ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ই-লার্নিং কার্যক্রম চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহী করা এবং শিক্ষার পরিবেশ উন্নত করাই এ উদ্যোগের লক্ষ্য। আগামী বছরের ফলাফলে এর ইতিবাচক প্রভাব পড়ছে কি না, তা মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
অভিভাবকদের দায়িত্বের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের চলাফেরা, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে হবে। বয়স ও বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় শাসন ও দিকনির্দেশনা দিতে হবে। শুধু রাষ্ট্রের ওপর দায়িত্ব না চাপিয়ে পরিবার ও সমাজকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
পার্বত্য অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই এ অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পার্বত্য চট্টগ্রামের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিতরণ লাইন সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগের সুফল স্থানীয় বাসিন্দারা পাবেন।
মীর হেলাল উদ্দীন বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশ ও জাতির সমৃদ্ধির মূল ভিত্তি দেশপ্রেম এবং নিজ অঞ্চল ও মানুষের প্রতি ভালোবাসা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মিতিঙ্গাছড়ি সেতু উদ্বোধন করেন। পরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাঙামাটি মারী স্টেডিয়ামে সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।