দক্ষিণ পূর্ব

মুচলেকায় ৪৪ জনকে ছেড়ে দিল পুলিশ

ফটিকছড়িতে অভিযানে আটক ৪৫ কিশোর

saiful
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪ দুপুর
পঠিত : ২০
ফটিকছড়িতে অভিযানে আটক ৪৫ কিশোর


কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে ৪৪ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর একজনকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ফটিকছড়ি ও ভূজপুর থানার আওতাধীন বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থান এবং কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গাগুলোতে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ১৬ জন এবং ভূজপুর থানা পুলিশ ২৯ জন কিশোরকে আটক করে।

পরে আটক কিশোরদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হয়। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ৪৪ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, পড়াশোনা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, “কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতেই এ অভিযান চালানো হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই করা হয়েছে। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় অধিকাংশকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।