দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ১ থেকে ৩১ ডিসেম্বর

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ ০৭:৩৬ সকাল
পঠিত : ৫২
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ১ থেকে ৩১ ডিসেম্বর

ছবি

চট্টগ্রাম জেলা ও মহানগরীতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২০২৭ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা যাবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী লাইসেন্সধারীদের প্রয়োজনীয় কাগজপত্র ও আগ্নেয়াস্ত্রসহ সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হয়ে নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ সময়সূচি জানানো হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম মহানগর এলাকার লাইসেন্স নবায়ন করা হবে ১ থেকে ৮ ডিসেম্বর। মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় ৯ ও ১০ ডিসেম্বর, সন্দ্বীপ ও বাঁশখালী উপজেলায় ১৩ ও ১৪ ডিসেম্বর, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় ১৫ থেকে ২০ ডিসেম্বর, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় ২১ ও ২২ ডিসেম্বর, বোয়ালখালী ও পটিয়া উপজেলায় ২৩ ও ২৪ ডিসেম্বর এবং চন্দনাইশ ও আনোয়ারা উপজেলায় ২৭ ও ২৮ ডিসেম্বর নবায়ন কার্যক্রম চলবে। এছাড়া সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় ২৯ থেকে ৩১ ডিসেম্বর লাইসেন্স নবায়ন করা হবে।

চট্টগ্রাম সেনানিবাসের ক্যান্টনমেন্ট বোর্ডের অধিক্ষেত্রভুক্ত লাইসেন্সধারীদের ২১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয়ে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়ন করতে হবে। অন্যদিকে জেলা ও মহানগরীর অন্যান্য এলাকার লাইসেন্সধারীদের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখায় উপস্থিত হতে হবে।

তথ্য বিবরণীতে বলা হয়, ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলবার নবায়নে ফি ২০ হাজার টাকা, ভ্যাট ৩ হাজার টাকা এবং উৎসে কর ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বন্দুক, শর্টগান ও রাইফেলের ক্ষেত্রে নবায়ন ফি ১০ হাজার টাকা, ভ্যাট ১ হাজার ৫০০ টাকা এবং উৎসে কর ১ হাজার টাকা।

প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল আগ্নেয়াস্ত্র নবায়নে ফি ২০ হাজার টাকা, ভ্যাট ৩ হাজার টাকা ও উৎসে কর ১ হাজার ৫০০ টাকা। তবে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ক্ষেত্রে নবায়ন ফি ১০ হাজার টাকা, ভ্যাট ১ হাজার ৫০০ টাকা ও উৎসে কর ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত ফি ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিয়ে ফি পরিশোধের রসিদ, ভ্যাট ও উৎসে করের ই-চালানের কপি, টিআইএন সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে। নবায়নের সময় লাইসেন্সধারীদের সাক্ষাৎকারও নেওয়া হবে।

এদিকে সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত চাকরিরত ও অবসরপ্রাপ্ত ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের ক্ষেত্রে লাইসেন্স নবায়ন ফি প্রযোজ্য হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫’-এর ৩১(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে ব্যর্থতার কারণ উল্লেখ করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। আবেদন সন্তোষজনক বিবেচিত হলে পূর্ণ লাইসেন্স ফি আদায় করে নবায়নের সুযোগ দেওয়া হবে। তবে বিলম্বের কারণ সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের পাশাপাশি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।