বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্ত্তী, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল আমিন, ডা. মনির উল্লাহ, ডা. আমিনুল ইসলাম, ডা. আছরার উল্লাহ নুরী, প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা ও এনজিও প্রতিনিধি নজরুল ইসলামসহ কমিটির সদস্যরা।
সভায় হাসপাতালের অ্যাম্বুলেন্স-সংকট সমাধান, জনবল নিয়োগ ও সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসাসেবার মান বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হয়।
সভা শেষে সংসদ সদস্য জহিরুল ইসলাম হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবার নিজে খেয়ে এর মান যাচাই করেন। পরে তিনি হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগ পরিদর্শন করেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।